রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি; দেশের দক্ষিনাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান আলেকজান্ডার বেড়ীবাঁধ অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আজ শনিবার দুপুর থেকে দিনব্যাপি এ অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
এ সময় উপস্থিত ছিলেন রামগতি পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল, উপ-সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী, রামগতি থানা পুলিশের একটি দল ও আনসারসদস্যসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ।
লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপজেলার আলেকজান্ডার বাজারের দক্ষিনে অবস্থিত মেঘনা তীর সংরক্ষন বেড়ীবাঁধের সাড়ে চার কিলোমিটার অংশের সেন্টার খাল থেকে পাটোয়ারী তেহমুনি পর্যন্ত প্রায় ৬১টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
গত কয়েক মাস ধরে এসব স্থাপনা গড়ে উঠলে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা জানান, দর্শনার্থীদের চলাচল সাবলীল করতে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বাঁধের নিরাপত্তা এবং দর্শনীয় এ স্থানের উন্নয়য়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ জনপ্রিয় স্থানটির সৌন্দর্য রক্ষায় সামাজিক আন্দোলন এবং সচেতন এলাকাবাসীকেও এগিয়ে আসার আহবান জানান।