• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম: / ১৫১ জন দেখেছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

দূরদেশ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেনটানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়। যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনির মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ট্রাম্প বলেন, নৌপথের মত আমরা স্থলেও হামলা শুরু করব। আপনার জানেন স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ, অনেক সহজ। আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি। তারা কোথায় থাকে সব জানি। খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি। সেখানে খুব শিগগিরই আমরা হামলা চালানো শুরু করব।

সম্প্রতি ভেনেজুয়েলার ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌযানে হামলা চালিয়েছে তারা। ভেনেজুয়েলার আকাশসীমা এড়ানোর জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প।

অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে, এমন শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও শোনা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন। তারা ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের ‘হুমকির’ প্রতিবাদ জানান।

সমর্থকের উদ্দেশে মাদুরো বলেন, দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনেজুয়েলা।

যুক্তরাষ্ট্রের তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা। মাদুরো বলেন, ‘আমাদের ওপর ২২ সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে, একে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলা চলে। এই ২২ সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছে। জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন।’

ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিনিদের দাবি, এসব নৌযানে করে মাদক চোরাচালান করা হচ্ছিল।

এরমধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের দুইবার হামলার ভিডিও ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন। তখনো আরও অন্তত দুজন বেঁচে ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে এটির পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তিনি মন্ত্রিসভায় এ ব্যাপারে বলেন, মাদক চোরাকারবারীরা গত বছর দুই লাখ মানুষকে হত্যা করেছে। আমরা এ সংখ্যা কমাতে যাচ্ছি। মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুর ছানাদের আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ