রতন রায়, বগুড়া থেকে: বগুড়ায় নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়া-তে অনুষ্ঠিত এ সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে গণমাধ্যমের অবদানকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বগুড়া বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত ছিল। তাই অগ্রাধিকার ভিত্তিতে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, স্থবির হয়ে যাওয়া ডাবল গেজ এর রেল লাইন প্রকল্পের অগ্রগতি, বিমানবন্দর চালু করনের কাজ ত্বরান্বিত করা, করতোয়া নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং করতোয়া নদীর পাড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের অনুমোদনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে।
এছাড়া শহরকে যানজটমুক্ত করা, শিক্ষা ক্ষেত্রের সার্বিক উন্নয়ন ও বগুড়াকে আরো সৌন্দর্যমণ্ডিত, আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।