রতন রায় (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরাহাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগে মসজিদ কমিটির সভাপতি ও তার স্বজনদের বিরুদ্ধে রাস্তা সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাটারা হাজীপাড়া এলাকায় প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত প্রায় ২০ মিটার রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লিদের পাশাপাশি প্রায় ৩০০ পরিবারের মানুষ চলাচল করেন এবং কৃষি পণ্য আনা-নেওয়াও করা হয়।
অভিযোগকারীরা দাবি করেন, মসজিদ নির্মাণের আগে স্থানীয়ভাবে আলোচনা করে তার বাড়ির পাশ দিয়ে সরকারি রাস্তা থেকে মসজিদ পর্যন্ত সংযোগ রাস্তা রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু মসজিদ নির্মাণের পর প্রায় তিন বছর ধরে বিষয়টি ঝুলে রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২০ জুলাই সকালে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কোদাল নিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করলে মসজিদ কমিটির সভাপতি রুহুল আমিন (বুলবুল) ও তার কয়েকজন ভাই এতে বাধা দেন। এ সময় তারা রাস্তা দিতে অস্বীকৃতি জানান এবং অশালীন আচরণ ও গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।