রতন রায় (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় বাজারজাতের উদ্দেশ্যে নকল সিগারেট তৈরির অপরাধে একটি অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কারখানার মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলার পিরব ইউনিয়নের খয়রা পুকুর পালিকান্দা গ্রামের মো: শাহীনের সিগারেট ফ্যাক্টরিতে ( ওয়ান টোব্যাকো) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খয়রাপুকুর এলাকার একটি গোপন স্থানে দীর্ঘদিন ধরে জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সিগারেট উৎপাদন করা হয়। এসব সিগারেট বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয় এবং এতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করে।
অভিযানকালে বিপুল পরিমাণ নকল সিগারেট, মোড়কজাতকরণ সামগ্রী ও কাঁচামাল জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অভিযুক্তকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” এ সময় স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।